পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট ডাকাতির সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। সারা বিশ্ব দেখেছে- আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনোত্তর এক মতবিনিময়সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার লুট ও মা-বোনদের সম্ভ্রম হরণকারী আওয়ামী লীগকে দেশের মানুষ কখনই ক্ষমা করবে না। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয় হয়নি, হয়েছে আওয়ামী লীগের। এ দলটি লজ্জা থাকলে আর কখনই গণতন্ত্রের কথা মুখে আনতে পারবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট ডাকাতি, কারচুরি ও প্রহসনের এই ভোট দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ভোট ডাকাতির চিত্র দেখেছে। তারা অভিযোগ খতিয়ে দেখতে বলেছে। মূলত ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোটই হয়নি। তিনি সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে অনতিবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানান।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লালমনিরহাটে নিহত বিএনপি নেতা তোজাম্মেল হকের পরিবারে হাতে ১ লাখ ৬ হাজার টাকা তুলে দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
নিহত তোজ্জাম্মেল হকের স্ত্রী গোলাপজান ঐক্যফ্রন্ট নেতাদের কাছে পেয়ে আবেগে আপ্লুপ্ত হয়ে পড়েন। এ সময় তিনি তার স্বামী হত্যার বিচার দাবি করেন। নিহতের ছেলে ও হত্যা মামলার বাদী মোস্তাফা বলেন, সন্ত্রাসীরা আমার বাবাকে খুন করেছে। আমি ন্যায়বিচার পেতে আদালতে মামলা করেছি। পরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলার হাট এলাকায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন ঐক্যফ্রন্ট নেতারা।


