আখাউড়া, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

আখাউড়া, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

আখাউড়া, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদুল আজহা উপলক্ষে ৫ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। তবে করোনার কারণে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে শুরু করে ৪ আগস্ট পর্যন্ত টানা ৫ দিন বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে আমদানি করা ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তিসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।

এদিকে, বুধবার সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে সোনামসজিদ বন্দরের কার্যক্রম শুরু হয়। সেইসঙ্গে বন্দরের অভ্যন্তরেও ফিরে এসেছে কর্ম ব্যস্ততা।

সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, সকাল সাড়ে ১০টা থেকে পেঁয়াজসহ বিভিন্ন ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে। ছুটি শেষে আবারও আমদানি-রফতানি শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।

৬ দিন পর আখাউড়া বন্দর দিয়ে রফতানি শুরু : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। ছয়দিনের ছুটি শেষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া। রফতানি শুরুর মধ্য দিয়ে আবারও কর্মমুখর হয়ে উঠেছে স্থলবন্দর।

তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ হয়েছে।

ব্যবসায়ী নেতা রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ জুলাই থেকে বন্দরে ছয়দিনের ছুটি শুরু হয়। ছুটি কাটিয়ে বুধবার থেকে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। সকাল থেকে ভোজ্য তেল, সিমেন্ট ও খাদ্য সামগ্রীবোঝাই কয়েকটি ট্রাক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেছে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রফতানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *