আগামীকাল মহান বিজয় দিবস

আগামীকাল মহান বিজয় দিবস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামীকাল, ১৬ ডিসেম্বর, জাতি উদযাপন করবে মহান বিজয় দিবস। এটি বাঙালি জাতির জন্য সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, যেদিন বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। এই দিনটি জাতির আত্মত্যাগের প্রতীক, যা ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল।

বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, কূটনীতিক, এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণ হয়ে উঠবে লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধার মিলনস্থল।

বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকাকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। পায়ে হাঁটার পথ থেকে শুরু করে শহীদ বেদি পর্যন্ত পুরো এলাকা শোভিত হয়েছে লাল-সবুজের ছোঁয়ায়। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে টানা কয়েকদিনের প্রচেষ্টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণ নতুন রূপ ধারণ করেছে। ফুলের টব, সড়কের রঙিন বিভাজক, এবং আলোকসজ্জা পুরো এলাকাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন জানান, স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল সামাল দিতে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

তবে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার কারণে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর থেকে স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সবার সহযোগিতায় বিজয় দিবস উদযাপন আরও অর্থবহ ও সার্থক হবে।

Related Articles