পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বইয়ের আবেদন কোনও দিন মুছে যাবে না। এখন মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইসেও পড়ার সুযোগ আছে। তবে বই হাতে নিয়ে পাতা উল্টে পড়ার আনন্দই আলাদা। আসুন, সবাই মিলে বই পড়ার অভ্যাস গড়ে তুলি এবং আমাদের আগামী প্রজন্মকেও বই পড়ার অভ্যাসে উৎসাহিত করি।’
বৃহস্পতিবার বিকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
পাঠকরা যেন বই পড়ার আনন্দ এবং মেলায় ঘুরে ঘুরে বই দেখার আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা থেকেই এ মহামারীর মধ্যেও বইমেলার আয়োজন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাহিত্যের ভেতর থেকে মানুষের জীবনযাত্রা জানা যায়
অনুবাদ সাহিত্যের প্রতি গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের মায়ের ভাষাকে মর্যাদা দেওয়া যেমন দরকার, তেমনি অন্য ভাষাকে জানাও দরকার। সেজন্য প্রয়োজন বিদেশি সাহিত্যের বেশি বেশি অনুবাদ করা। অন্যান্য দেশের সাহিত্য যেন আমরা জানতে পারি সেজন্য অনুবাদকে গুরুত্ব দিতে আমি বাংলা একাডেমিকে সব সময় অনুরোধ করেছি। কারণ, একটা সাহিত্যের ভেতর থেকে মানুষের জীবনযাত্রা জানা যায়। তাদের সংস্কৃতি জানা যায়। ইতিহাস জানা যায়।’
বইমেলায় সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে সবাইকে স্বাস্থ্যসুরক্ষার প্রতি মনোযোগী থাকতেও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।


