আগামী সপ্তাহে শুরু হচ্ছে অং সান সু চি’র বিচার

আগামী সপ্তাহে শুরু হচ্ছে অং সান সু চি’র বিচার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্ষমতাচ্যুত হওয়া মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র বিচার আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে। সোমবার (৭ জুন) সু চি’র আইনজীবী এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। তারপর থেকেই আটক আছেন তিনি। অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে নাগরিক অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ চলছে। এসব আন্দোলন দমন করতে গিয়ে প্রায় আটশ’ মানুষ হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে সু চির দল বিলুপ্ত করার হুমকিও দিয়েছে জান্তা সরকার।

এদিকে নোবেলজয়ীর আইনজীবী মিন মিন সোয়ে বলেন, ১৪ জুন (সোমবার) শুনানি শুরু হবে। এদিন বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।

মিন সোয়ে আরও বলেন, সু চি জনগণকে সুস্থ থাকতে বলেছেন।

আটকের পর সু চির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা অভিযোগ। এছাড়া অবৈধভাবে ছয়টি রেডিও আমদানি ও ব্যবহার এবং করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সেনা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগও তুলেছে।

এর আগে, মে মাসে প্রথমবারের মতো প্রকাশ্য আদালতে সু চিকে হাজির করা হয়। সেখানে আইনজীবী মিন মিন সোয়ের সঙ্গে বৈঠকের সুযোগ পান তিনি। ওই সময়ে তিনি জনগণকে আনন্দে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তার আইনজীবী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *