পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেক ও এক হওয়ার স্লোগান নিয়ে—মানুষের হৃদয়কে ঈমানের স্বাদে তৃপ্তিময় করা ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমা আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।
রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে আগামি ২৯ ও ৩০ নভেম্বর রোজ শুক্র ও শনিবার এই ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমা আয়োজক কমিটির আহ্বায়ক ও জামি‘আ ইকরা বাংলাদেশের সম্মানিত রঈস মাওলানা আরিফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বাদ আসর থেকে ইজতেমা শুরু হবে। ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, পবিত্র কুরআনী তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবেন আগত মুসল্লিরা। আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত হচ্ছে।
বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামি‘আ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, মানুষকে আল্লাহর পথে আসার আহবান ও মানুষের মনে আল্লাহতায়ালার ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় এবং আমলী জিন্দেগী গঠনের দাওয়াত নিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ শুক্রবার থেকেই ইজতেমায় অবস্থান করা ও শনিবার বাদ আসর ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করার আশা ব্যক্ত করেছেন।
মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, এই ইজতেমায় দেশের শীর্ষ আলেম উলামাসহ বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা ধর্মপ্রাণ মুসলিমদের হাজির হওয়ার আহবান জানাই।


