নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় আগে থেকেই জানেন বলেই আওয়ামী লীগ নেতারা দমনের হুমকি দিচ্ছেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, ‘মিথ্যা দুর্নীতির মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের বিজ্ঞ আইনজীবীরা যুক্তি দিয়ে আদালতে দেখিয়েছেন, এটা মিথ্যা মামলা। আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জাল নথি উপস্থাপন করেছে প্রসিকিউশন। আমাদের আইনজীবীদের পুরো কথা কেউ শোনেননি। তাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি। তড়িঘড়ি করে নজিরবিহীনভাবে এই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতারা আগে থেকেই হুমকি দিচ্ছেন— রায় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করলে দমন করা হবে। তারা আগে থেকে রায় জানেন বলেই এমন বলছেন। কারণ এর আগেও অনেক নেতা বলছেন, ১৫ দিনের মধ্যে রায় হয়ে যাবে। তাদের কথা মতোই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।’
‘বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রেখে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্য এ রায় দেয়া হবে’ অভিযোগ করে বিএনপি মহাসচিব আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের এই আচরণের জন্য জাতি কোনোদিন আপনাদের ক্ষমা করবে না।’
অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, সারাদেশে গত একমাসে বিএনপির সাড়ে ১২ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও বিএনপির অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা আছেন এর মধ্যে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ৫০ হাজারের ওপর মামলা দেয়া হয়েছে। চেয়ারপারসন থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের প্রত্যেকের নামে অন্তত ১০টি করে মামলা আছে।


