পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের পাঁচ শিক্ষার্থী মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। তাঁরা মিসর সরকারের চার বছর মেয়াদি ফুল স্কলারশিপ নিয়ে সেখানে যাচ্ছে। আগামী ১০ অক্টোবর তাদের মিসরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বৃত্তি পাওয়া পাঁচ শিক্ষার্থী হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সৈয়দ আল আমিন, নেছার আহমদ ও শোয়াইবুল ইসলাম এবং আরবি বিভাগের উসমান গণি ও রেজাউর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের পাঁচজন শিক্ষার্থী মিসর সরকারের পূর্ণ স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তারা সেখানে অনার্স প্রগ্রামে অধ্যয়ন করবে।’


