আজানের সময় বক্তব্য থামালেন বিজেপির অমিত শাহ

আজানের সময় বক্তব্য থামালেন বিজেপির অমিত শাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মঞ্চে বক্তব্য রাখছিলেন কট্টর হিন্দুত্ববাদী বলে পরিচিত ক্ষমতাসীন বিজেপির সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন সময় দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি। আর তখনই বক্তৃতা থামিয়ে দেন তিনি।

ভারতের উত্তর কাশ্মির জেলার শওকত আলি স্টেডিয়ামে বক্তৃতা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদ মাধ্যম ফিন্যানসিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সূচি অনুযায়ী অন্তত আধা ঘণ্টা ধরে বক্তৃতা দেয়ার কথা ছিল তার। কিছুক্ষণ বক্তৃতা দেয়ার পর বাইরে থেকে আজানের ধ্বনি ভেসে আসে।

তবে ওই সময় পুরোপুরি টের পাননি অমিত শাহ। তাই বক্তৃতা থামিয়ে মঞ্চে উপস্থিতদের জিজ্ঞাসা করেন, মসজিদে কি কিছু হচ্ছে? তখন একজন তাকে জানায়, আজান হচ্ছে। তখন তিনি তার বক্তব্য বন্ধ রাখেন।

আজান শেষ হতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে। এ সময়ে তিনি বক্তৃতা করেননি।

আজান শেষ হয়ে যাওয়ার পর অমিত শাহ উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করেন, আজান শেষ হয়ে গিয়েছে। এবার কি আমি বক্তৃতা শুরু করতে পারি? উপস্থিত জনতা হ্যাঁ-সূচক উত্তর দিলে তিনি তার বক্তব্য শুরু করেন।

এদিকে কট্টর ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী রাজনৈতিক দলের নেতার এমন কাণ্ড প্রশংসা কুড়াচ্ছে।

সমাবেশে উপস্থিত মানুষজন এ ঘটনায় করতালি দিয়ে অমিত শাহকে ধন্যবাদ জানান এবং তার পক্ষে স্লোগান দিতে শুরু করেন।

জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী (পিএমও) জিতেন্দ্র সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৯ সালে আগস্ট মাসে জম্মু ও কাশ্মিরের ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্রীয় সরকার।

ফলে কাশ্মির ও লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহই পার্লামেন্টে এই বিল পেশ করেন।

ওই ঘটনার প্রায় তিনবছর পর উপত্যকায় সশরীরে রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে সমালোচকরা বলছেন, মূলত মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মিরে রাজনৈতিক ফায়দা লুটতেই এমন মেকি উদারতা দেখিয়েছেন অমিত শাহ। তিনি যদি সত্যিই উদারপন্থী হতেন তবে ভারতজুড়ে চলা মুসলিমদের ওপর দমন-পীড়ন ও বিদ্বেষের বিরুদ্ধে সরব হতেন। কিন্তু তাকে সবসময় মুসলিমবিরোধী অবস্থানেই দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *