আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ। গত বৃহস্পতিবার বইমেলা শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমোদনক্রমে মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়। সেই হিসাবে একুশে বইমেলা শেষ হচ্ছে আজ।

বইমেলা সাধারণত ২৮ দিন হয়। কিন্তু প্রতি চার বছর পর লিপ ইয়ারের কারণে হয় ২৯ দিনের। এবার ২৯তম দিনটি বৃহস্পতিবার হওয়ায় প্রকাশকদের দাবি ছিল মেলার সময় বাড়িয়ে শুক্রবার এবং শনিবারেও যেন নেওয়া হয়। তবে সময় বাড়ানো হলেও সে অনুযায়ী খুব কমই বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশক এবং বিক্রয়কর্মীরা। তারা মনে করছেন, বেইলি রোডের অগ্নিকাণ্ড পাঠকদের মনে দাগ কেটেছে। সেজন্য তাই মেলায় ভিড়-বিক্রি কম।

আজ সমাপনী দিনে মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ দিবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এছাড়া অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *