আটকেপড়া ১১৪ বাংলাদেশি লন্ডন থেকে ফিরেছে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: একদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়, অন্যদিকে আটকে থাকা ভিন দেশে খুবই ভয়ঙ্কর। শেষ পর্যন্ত দেশের আবহাওয়ায় ফিরেছেন ১১৪ বাংলাদেশী। করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে যুক্তরাজ্যের লন্ডনে আটকেপড়েছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে দেশে আনা হয়। তারা পড়াশুনা ও পর্যটনের জন্য লন্ডনে গিয়ে লকডাউনের কারণে আটকা পড়েন।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগতদের সবাই যুক্তরাজ্য থেকে স্বাস্থ্যসনদ নিয়ে ফিরেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ৮ মে একটি ফ্লাইটে যুক্তরাজ্য সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী, টাটকা সবজি ও মৌসুমি ফল পাঠায় সরকার। সেই ফ্লাইটটিই তাদের নিয়ে ফিরে আসে।
উপহার হিসেবে ফ্লাইটে ছিল করোনা সরঞ্জাম পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, হাতমোজা, হেড-কাভার, সু-কাভার ও বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, টাটকা সবজি ও মৌসুমি ফল।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গত ২৯ মার্চ থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


