পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আড়াইহাজারে আধিপত্য বিস্তার ও মাদক কেনার টাকা উদ্ধারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় মঙ্গলবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এলাকাবাসী জানায়, মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহরদী গ্রামে কিছুদিন আগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শিকারিবাড়ির বিজয়ী ফারুক মেম্বারের ভাই মনির শিকারির ও পরাজিত দেওয়ানবাড়ির ইয়াকুব ও হোসেনের সঙ্গে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তা ছাড়া ও শিকারিবাড়ির আত্মীয় আফা ডাকাতের ছেলে খোকন প্রতিপক্ষ দেওয়ানবাড়ির জয়নালের ছেলে ওয়াজকুরনীকে মাদক কিনে আনার জন্য ২৭ হাজার টাকা দেয়। খোকনকে মাদক না দিয়ে ওয়াজকুরনী পুলিশে নিয়ে গেছে বলে জানান। এই নিয়ে ওয়াজকুরনী ও খোকনের মধ্যে ঝগড়া হয়। এরই মধ্যে এলাকায় তাদের মধ্যে হাতাহাতি ও মাদকবিরোধী শোভযাত্রাও বের করা হয়।
এই টাকা উদ্ধারের জন্য মঙ্গলবার রাতে ফারুক মেম্বারের নেতৃত্বে বিচার-সালিশ বৈঠক বসার কথা ছিল। তার আগেই ফারুক মেম্বারের ভাই মনিরের ঘর ভাঙচুর করে প্রতিপক্ষ। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে প্রথমে থানাপুলিশ গেলে সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে রাত ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে চার জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, বুধবার বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


