পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের আরও একটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের দখলে নিল তালেবান। সরকারী বাহিনীর সাথে তুমুল লড়াইয়ের পর উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী কুন্দুজ দখল করে তারা।
বিবিসির সুত্রে জানা যায়, শুধুমাত্র কুন্দুজের বিমানবন্দর ছাড়া আর সব কিছু এখন তালেবানের দখলে চলে গেছে। তালেবানের দখলে যাবার ফলে শহরটিতে বর্তমানে চরম বিশৃঙ্খলা দেখ দিয়েছে। বিভিন্ন ভবনে এবং দোকানপাটে আগুন জ্বলছে।
এ নিয়ে আফগানিস্তানের চারটি প্রাদেশিক রাজধানী এখন তালেবানের নিয়ন্ত্রণে চলে গেল। এর মধ্যে তালেবানের জন্য কুন্দুজই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিজয়।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ তাদের সেনা প্রত্যাহার শুরু করার পর সেখানে আবার তীব্র লড়াই শুরু হয়। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ চলছিল গত দুই দশক ধরে।
প্রসঙ্গত, কুন্দুজ হচ্ছে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে যাওয়ার প্রধান প্রবেশপথ। কুন্দুজ নিয়ন্ত্রণ করার মানে হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদক চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করা।
তালেবানের কাছে কুন্দুজের এই বিজয়ের একটি প্রতীকী তাৎপর্যও আছে। ২০০১ সালের আগে এটি ছিল উত্তরাঞ্চলে তাদের অন্যতম ঘাঁটি।


