পাথেয় রিপোর্ট : আফগানিস্তানে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে এ বন্যায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আফগান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এ কারণে আফগানিস্তানের ৭ টি প্রদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এই বন্যায় ফারায়ুব প্রদেশে ১২ জন নিহত হওয়ার খবর মিলেছে। এ ছাড়া হেরাতে ১০ জন, বাগদিস প্রদেশে ৮ জন এবং বালখ প্রদেশে ৫ জন মারা গেছে। তিনি জানান, এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছে; অন্তত ৩ হাজার বাড়ি ধ্বংস হয়েছে।
সূত্র : এএফপি


