আফগান সীমান্তে রাশিয়া-উজবেকিস্তানের যৌথ মহড়া

আফগান সীমান্তে রাশিয়া-উজবেকিস্তানের যৌথ মহড়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারি বাহিনী এবং তালেবান যোদ্ধাদের তুমুল লড়াইয়ের মধ্যে আফগানিস্তানের উজবেক সীমান্ত সংলগ্ন এলাকায় যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া ও উজবেকিস্তান।

সোমবার থেকে উজবেকিস্তানের তারমেজ সামরিক স্থাপনায় পাঁচ দিনের এই মহড়া শুরু হয়েছে। মস্কো জানিয়েছে, পাঁচ দিনের এই মহড়া রাশিয়া ও উজবেকিস্তানের দেড় হাজার সেনাসদস্য অংশ নিচ্ছে।

এই সপ্তাহের শেষ দিকে ত্রিপক্ষীয় এক মহড়ায় অংশ নিতে তাজিকিস্তানেও বিশাল সামরিক দল পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। ওই মহড়ায় উজবেকিস্তানও অংশ নেবে।

আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে মধ্য এশিয়ার দেশগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়বে, এমন আশঙ্কার মধ্যেই এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তান থেকে সম্ভাব্য হুমকি রাশিয়া কতটা গুরুতরভাবে নিচ্ছে এই মহড়াকে তার একটি নজির হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে কান্দাহার, হেরাত ও লস্করগাহসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র লড়াই চলছে তালেবান ও আফগান যোদ্ধাদের মধ্যে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান।

সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকার দখল চলে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটির হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *