আবারও বন্ধ হলো ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট

আবারও বন্ধ হলো ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও বন্ধ হয়ে গেলো ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ৭ দিন বন্ধ ছিলো ইউনিটটি। গত ১০ অক্টোবর যান্ত্রিক সমস্যা সমাধান করে উৎপাদন শুরু করে এই ইউনিট।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে ইউনিটটির রি জেনারেটিভ হিটার নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক জানান, এটি মেরামত করে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করতে ৭ দিন সময় লাগবে।

গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।

বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় ইউনিটটি ৭দিন পর চালু করলেও চালুর দুই দিন পর আজ দুপুরে ফের এর উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে গত ৫ অক্টোবর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ছয় সদস্যের তদন্ত কমিটি। পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম প্রায় তিন ঘণ্টা পরিদর্শন করে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরীক্ষা-নিরীক্ষা করে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *