আবারও বিশ্বের সেরা পুঁজিবাজার হলো ডিএসই

আবারও বিশ্বের সেরা পুঁজিবাজার হলো ডিএসই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও বিশ্বের সেরা পুঁজিবাজার হিসেবে নাম উঠে এসেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। বিশ্বের সবকটি পুঁজিবাজারকে পেছনে ফেলে চলতি বছরের মে মাসে ডিএসই বিশ্বের সেরা পুঁজিবাজারের স্থান দখল করেছে।

সম্প্রতি ফ্রন্টিয়ার জার্নালে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত মে মাসে ডিএসইর বিনিয়োগকারীরা মুনাফা বা রিটার্ন পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ। যে কারণে সেরা পুঁজিবাজারের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিএসই।

এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রিটার্নের দিক দিয়ে বিশ্বের সেরা পুঁজিবাজারের তালিকায় উঠে আসে ডিএসইর নাম। এর ফলে তৃতীয়বারের মতো ডিএসই বিশ্বসেরা পুঁজিবাজারের তালিকায় উঠে এলো।

করোনা মহামারির সময়ে মে মাসে দেশের পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা ৯ দশমিক ৪ শতাংশ মুনাফা বা রিটার্ন পেয়েছেন। পাকিস্তানের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৮ দশমিক ৫ শতাংশ, ভিয়েতনামের বাজার থেকে বিনিয়োগকারীরা ৭ দশমিক ২ শতাংশ, চীনের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৬ দশমিক ৬ শতাংশ।

এছাড়া ফিলিপিনসের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৫ দশমিক ৩ শতাংশ, কাজাকস্তানের বিনিয়োগকারীরা ৪ দশমিক ৭ শতাংশ, শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা ২ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ডের বিনিয়োগকারীরা শূন্য দশমিক ৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীরা পেয়েছেন শূন্য দশমিক ৩ শতাংশ মুনাফা।

মে মাসে মোট ১৯ কার্যদিবস লেনদেন হয়েছে। তাতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫১১ পয়েন্ট। দৈনিক লেনদেন হাজার কোটি টাকা বেড়ে দুই হাজার কোটি টাকার ঘরে দাঁড়িয়েছে। আর তাতে বিনিয়োগকারীদের রিটার্ন অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ৩৩ হাজার ১৫৫ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার টাকা।

করোনার এই মাসটিতে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার টাকা। সেখান থেকে এক মাসে ৩৩ হাজার ১৫৫ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৩ হাজার ৮৬৮ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার টাকায় দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *