পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ল্যুভর আবুধাবি যাদুঘরের প্রথম আলোকচিত্র প্রদর্শনীতে দেখানো হবে মক্কার মসজিদুল হারামের প্রাচীনতম আলোকচিত্রটি। এটি ১৮৮১ সালে তুলেছিলেন মুহাম্মদ সাদেক বে। মক্কার প্রথম আলোকচিত্র হিসেবে তার ছবিটি স্বীকৃতি দেওয়া হয়েছিল।
জানা যায়, আগামী ২৫ এপ্রিল শুরু হয়ে এই আলোকচিত্র প্রদর্শনী চলবে ১৩ জুলাই পর্যন্ত। এ প্রদর্শনীতে ১৮৪২ সাল থেকে ১৮৯৬ সাল পর্যন্ত সময়কালের মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া ও আমেরিকার মোট ২৫০টি আলোকচিত্র প্রদর্শন করা হবে।
আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ খলীফা আল-মুবারক জানান, প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে অনুপ্রেরণামূলক মানব ঐতিহ্যের কিছু অংশ প্রদর্শন করা। তিনি বলেন, ‘ফটোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা বিশ্বের ইতিহাস ও বিচিত্র সংস্কৃতিসমূহকে সংরক্ষিত করতে পারে।’
ল্যুভর আবুধাবি যাদুঘরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ফ্রান্সের কুয়ী ব্রানলি মিউজিয়াম ও এজেন্সী ফ্রান্স মিউজিয়াম সহযোগিতা করছে। ব্যাংক অব শারজাহ’র আর্থিক সহযোগীতায় এই প্রদর্শনীতে আলোকচিত্র প্রদর্শনের পাশাপাশি আলোকচিত্র সম্পর্কে আলোচনা সভা, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
সূত্র : আরব নিউজ


