পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে চলছে লোকসভা নির্বাচন। আর এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতায় মেতেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এতে রাজনীতির পাশাপাশি ব্যক্তি মোদির জীবনের নানা কথা উঠে এসেছে৷ বিরোধীদলের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে অক্ষয় কুমারের প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদি বলেন, উৎসব অনুষ্ঠানে প্রবল বিরোধীদের সঙ্গেও আমার শুভেচ্ছা বিনিময় হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বছরে তিন-চারবার বাঙালি মিষ্টি পাঠান৷ এটা জানতে পারার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও বছরে দু-তিনবার বাংলার মিষ্টি পাঠান।
যাদের কটাক্ষ পাল্টা কটাক্ষে সরগরম ভোটের ময়দান তারাও উৎসব-অনুষ্ঠানে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন৷ বিরোধীদলের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে অক্ষয়কুমারের প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদি উল্লেখ করেন প্রবল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মোদি বলেন, ভোটের সময় আমরা কিছুটা প্রভাবিত হই ঠিকই, তবে এ কথা সত্যি যে, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আমাকে বছরে একটা-দুটা কুর্তা পাঠান৷
ভারতের প্রধানমন্ত্রী জানান, তিনি সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করেন। অন্য দলের নেতাদের সঙ্গেও ভাল সম্পর্ক তাঁর। তাদের সঙ্গে বসে অনেক সময় খাবারও খেয়েছেন তিনি।


