একজন মাদক চোরাকারবারীর করুণ গল্প
পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আমার পরিবারের অর্ধেক সদস্য মারা গেছে, অথচ আমি তাদের দেখতে পর্যন্ত পারিনি।” এই শব্দগুলি বলতে বলতে সৌদির একজন কারাবন্দী তার জীবনের করুণ কাহিনী বর্ণনা করছে। যার জীবন মাদকের বিষাক্ত ছোবলে তছনছ হয়ে গিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স-(টুইটার) একাউন্টে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে কারাবন্দী এই লোকটির ভিডিও আপলোড করে।
ভিডিওতে দেখা যায়, বন্দী তার মাদক চোরাচালানের জন্য অনুতপ্ত। কারণ, সে তার বাবা, ভাই এবং আদরের সন্তানসহ তার পরিবারের অনেক সদস্যের লাশটি পর্যন্ত দেখতে পায়নি। কারণ, সে যখন কারাগারে বন্দী তখন তাদের সবাই এক দুর্ঘটনায় মারা যায়।
লোকটি তার মায়ের সাথে ওমরায় যেতে চেয়েছিলো। উমরার খরচ যোগাতে সে একজন ব্যক্তির কাছে কিছু টাকা চেয়েছিলো।
সে তাকে টাকা এবং একটি গাড়ি দেওয়ার প্রলভন দেয়। তার কয়েকদিন পরে সে তাকে জানায় যে, আজ একটি গাড়ি তার বাসার কাছে যাবে। গাড়িতে তার ব্যাক্তিগত জিনিসপত্র রয়েছে সেগুলি তার কাছে নিয়ে আসতে হবে।
লোকটি জানতে পেরেছিলো এই গাড়িতে মাদক লুকানো রয়েছে। কিন্তু তার লোভ তাকে এই গর্হিত কাজে সাথে জড়িয়ে ফেলে।
ভিডিওর শেষে লোকটি কান্না বিজড়িত কণ্ঠে বলে-
মাদকের কারণে আমি আমার স্বাধীনতা হারিয়েছি, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছি। ছেলেটার বয়স মাত্র ২২ বছর ছিলো। আমার বাবা, আমার স্ত্রী এবং আমার ভাই সবাইকে আমি হারিয়েছি। আমি তাদের কাউকে শেষ দেখাটুকু দেখতে পারিনি। এ জীবনে আমি বেঁচে থেকে আর কী করবো আমি জানি না।
সূত্র: আরব নিউজ


