পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক বিশেষ মর্যাদা বাতিলের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন কাশ্মীরে গণহত্যার আশংকা করছেন, ঠিক সে সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
কাশ্মীরি মুসলমানদের ওপর চরম নির্যাতনের এ মুহূর্তে নরেন্দ্র মোদিকে এ সম্মাননা দেয়ায় বিশ্ববিখ্যাত আলেম, পাকিস্তান সুপ্রিমকোর্টের শরীয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি টুইটারে আক্ষেপ ও দু:খ প্রকাশ করেছেন।
রোববার (২৫ আগস্ট) মুফতি তাকি উসমানি আরবি ভাষায় এক টুইট বার্তায় বলেন, ‘হায় আফেসোস! লক্ষ লক্ষ মুসলমানের রক্তে লাল হল যার হাত, মুসলমানদের ভূখণ্ড ছিনিয়ে নিয়ে গোটা কাশ্মীরকে কারাগারে পরিণত করল যে ব্যক্তি, যার কারণে কাশ্মীরে মুসলমানদের সবচেয়ে বড় গণহত্যা ঘটতে যাচ্ছে, সেই ব্যক্তিই কিনা এক আরব মুসলিম দেশ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা পেয়েছেন। সেদেশের জন্যে এর চেয়ে বড় লজ্জা ও লাঞ্ছনা আর কী হতে পারে!’
লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো আরব আমিরাত সফরে গেলে রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে পুরস্কৃত করা হয়েছে নরেন্দ্র মোদিকে। তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হয়েছে।
কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর ভারতীয় সরকারের নিপীড়নে এই চূড়ান্ত সময়েও মোদিকে তুষ্ট করতে আরব আমিরাতের ভূমিকার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
মোদিকে অর্ডার অব জায়েদ মেডেল দিয়েছেন আমিরাতের সিংহাসনের উত্তরসূরি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করাতে শনিবার আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদি। এসময় শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজেই মোদির গলায় মেডেল পরিয়ে দেন।


