আরও এক হাজির মৃত্যু হয়েছে মক্কায়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র হজব্রত পালন করতে গিয়ে আরও একজন হাজি মারা গেছেন। পুণ্যভূমি মক্কা আল- মুকাররমায় মো. বাবুল মিয়া (৫৫) নামের এই হাজি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিকে ০৬৬৬১৮০।
সিলেটের মগলা বাজার এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়া গত ৩০ জুলাই বিজি ৩২৬৯ ফ্লাইটে হজে যান। তিনিসহ চলতি বছর পবিত্র হজ পালনের আগে ও পরে সর্বমোট ইন্তেকাল করেছেন ৯৫ জন। এর মধ্যে পুরুষ ৮১ ও মহিলা ১৪ জন।
জানা গেছে, ৯৫ জনের মধ্যে মক্কায় ৮৪, মদিনায় ১০ ও জেদ্দায় এক জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।


