আরও দেড় লাখ টন চাল আসবে ভারত থেকে

আরও দেড় লাখ টন চাল আসবে ভারত থেকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারি গুদামের মজুত বাড়াতে ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানি করার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (৭ এপ্রিল) সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন ।

বৈঠক সূত্রে জানা যায় , এর আগে অনুষ্ঠিত সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সরকারি পর্যায়ে ভারতের কৃষি বিষয়ক একটি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে একলাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে ভারতের বেসরকারি কোম্পানি পি কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল দেশে খাদ্যের মজুত ছিল ৪ লাখ ৮৮ হাজার টন, এর মধ্যে চাল ছিল ৩ লাখ ৯৯ হাজার টন। গত ২৪ মার্চ ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এদিকে খাদ্য মন্ত্রণালয় মনে করে, নিরাপদ মজুত থাকা উচিত ১০ লাখ টন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *