পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে দেশ থেকে পালিয়ে ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ছয়জনকে আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।
মঙ্গলবার (৭ জুন) স্থানীয় সময় সকালে অভিযুক্তদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক এ নির্দেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী ২১ জুন।
বাংলাদেশ সরকারের অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গোয়েন্দারা পিকে হালদারসহ ছয়জনকে গ্রেপ্তার করে। ওই দিনই আদালতে তুলে তাদের তিন দিনের হেফাজতে নেয় ইডি।
এরপর মোট দুই দফায় ১৩ দিনের হেফাজত শেষে আদালত অভিযুক্তদের ১১ দিনের জেল হেফাজতে পাঠান। সেই জেল হেফাজতের মেয়াদ শেষ হয় মঙ্গলবার। অভিযুক্তদের জেল হেফাজতেও জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
পিকে হালদারসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। তাদের কাছ থেকে বহু নথি, নগদ টাকা, বহু দেশের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছেন ইডির তদন্তকারীরা। তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। অভিযুক্তদের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
এদিকে, অর্থ পাচারের ঘটনায় ইডি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করলেও অবৈধ পাসপোর্ট দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য পিকে হালদারের বিরুদ্ধে এখনও মামলা শুরু হয়নি। সেই তদন্ত শুরু করতে পারে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই।
দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা জালিয়াতি কাণ্ডের মূলহোতা পিকে হালদারসহ অন্য অভিযুক্তদের কবে বাংলাদেশের সরকার হাতে পাবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।


