আরও ১৭ ডেঙ্গুরোগী হাসপাতালে

আরও ১৭ ডেঙ্গুরোগী হাসপাতালে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এ নিয়ে সারাদেশে মোট ৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৪৬ জন। তবে গত ২৪ ঘণ্টাসহ এ বছরে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *