আরব আমিরাতে হুথিদের হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

আরব আমিরাতে হুথিদের হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরের বিভিন্ন স্থাপনায় যে হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, হুথি বিদ্রোহীরা আবুধাবির বিভিন্ন স্থাপনায় লাদেন ড্রোন হামলা চালিয়েছে। এতে তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। হামলায় নিহত ও আহত হন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। এই ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। পাশাপশি গভীর উদ্বেগ প্রকাশ করছে ঢাকা। একই সঙ্গে এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি সংহতি জানাচ্ছে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, হুথি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ বরাবরই নিন্দা জানিয়ে আসছে। আবারো তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এ ছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ।

প্রসঙ্গত, হুথি বিদ্রোহী সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল সোমবার, ১৭ জানুয়ারি, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালায়। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরো অন্তত ৬ জন।

এর আগে গত ২ জানুয়ারি সৌদি আরবগামী আরব আমিরাতের একটি জাহাজ অপহরণ করে হুথি বিদ্রোহীরা। ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ। এর মধ্যে অন্যতম হলো সংযুক্ত আরব আমিরাত। ওই অভিযানের প্রতিশোধ হিসেবেই সৌদি আরব ও আমিরাতে মাঝে-মধ্যে হামলা চালিয়ে থাকে হুথি বিদ্রোহীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *