পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসেই দেশটি সফরে যাবেন তিনি। সফরকালে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আবুধাবি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক অত্যন্ত গভীর। বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও অভিবাসন ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিব বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আগামী ১০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ওই সময় প্রধানমন্ত্রীর আমিরাত সফরের বিষয় চূড়ান্ত হতে পারে।


