পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদিনায় আরব ওপেন ইউনিভার্সিটির নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রিন্স তুর্কি বিন তালাল বিন আবদুল আজিজের উপস্থিতিতে শাখার উদ্বোধন করেন মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সৌদি আরব কয়েক দশক ধরে শিক্ষাসেবা ও তাতে সব ধরনের সহযোগিতা করে আসছে। দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে সৌদি সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে থাকে। বিশেষত বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান দেশব্যাপী স্কুল ও বিশ্ববিদ্যালয় তৈরি করছেন।
আরব ওপেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল-জাকরি বলেন, এ পর্যন্ত ১২০ দেশের দুই লাখ ২০ হাজার শিক্ষার্থী আরব ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬০ হাজার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। তাদের মধ্যে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী চলতি বছর গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। মদিনায় প্রতিষ্ঠিত নতুন ক্যাম্পাসে চার হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে।
সূত্র : আরব নিউজ


