পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করেছেন কওমি আলেমরা।
সোমবার রাত ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। আলোচনায় বসে অনেকগুলো লিখিত দাবি দাওয়া পেশ করেন আলেমরা। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দাবি গ্রহণ করে প্রধানমন্ত্রীর কাছে তা পেশ করবেন বলে আলমদের আশ্বস্ত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মোসলেউদ্দিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আলেমদের উদ্দেশ্যে বলেন, ভাস্কর্য ইস্যুতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আন্দোলন করা যাবে না। এমনকি কোনো ভাস্কর্য ভাঙচুরও করা যাবে না। উপস্থিত আলেমগণ স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে আশ্বস্ত করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা, ভাস্কর্য ভাঙচুর এমনকি কোনো আন্দোলন করে পরিবেশ নষ্টা করবেন না তারা।


