পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী।
মুফতি জাকির হোসাইন কাসেমী বলেন, আজ দুপুরের দিকে হুজুরের অবস্থা ততটা ভালো ছিলো না। তখন আইসিইউর প্রথম স্তর এইচডিইউতে স্থানান্তর করা হয়েছিলো। বর্তমানে হুজুরকে সিসিইউতে রাখা হয়েছে। হুজুরের ফুসফুসের সংক্রমণজণিত রোগ, কাশি ও শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় কয়েক দফা করোনা টেস্ট করা হয়েছে। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা ও দীর্ঘ হায়াতে তাইয়্যেবার জন্য উলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র ও দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার মুহাদ্দিস, আল্লামা কাসেমীর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী।
উল্লেখ্য, গত মঙ্গলবার (০১ ডিসেম্বর) ফুসফুসে সংক্রমণ ও ঠাণ্ডাজণিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম আল্লামা কাসেমীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করছেন।
/এএ


