পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
আল্লামা মাসঊদ বলেন, মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যায়। বাবুনগরী (রহ.) আমাদের সময়কার খ্যাতিমান আলেমে দ্বীন ও রাজনীতিবিদ ছিলেন। আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে তিনি আজীবন দরস ও তাদরিসের কাজ আঞ্জাম দিয়েছেন। আজ তাঁর মৃত্যুতে আমরা একজন মহৎপ্রাণ আলেমকে হারালাম।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মাওলানা বাবুনগরী বহু গুণে গুণান্বিত ছিলেন। তাঁকে হারিয়ে আমাদেক কওমি অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। মহান আল্লাহর দরবারে দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাত নসিব করুন।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি, পরিবারবর্গ, ছাত্র-শাগরেদ, ভক্ত-অনুরক্তদের শোক সইবার ও ধৈর্য্যধারণের তাওফিক দান করুন।
উল্লেখ, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেছেন। ৬৭ বছর বয়সি এই শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ১১ টায় মরহুমের হাটহাজারী মাদরাসায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শফি (রহ.) কে যে কবরস্থানে দাফন করা হয়েছিল সেখানেই দাফন করা হবে আল্লামা বাবুনগরীকে।


