পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় বাদিসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মো. শহীদুল্লাহ।
এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের একাংশের নেতারা। আল্লামা শফির মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তারা।
বুধবার সকালে চট্টগ্রামে আল্লামা শাহ আহমদ শফীর জীবনকর্ম, অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ অভিযোগ করেন, আহম্মদ শফীর মৃত্যু স্বাভাবিক নয়। এরপরই এই মামলা দায়ের হল।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা ও হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের পরিচালক আহমদ শফী মারা যান।


