আল্লামা শফীর ইন্তেকালে আরশাদ মাদানীর শোক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ.-এর ছোট ছেলে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদীস আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক শোক বার্তায় আল্লামা আরশাদ মাদানী আল্লামা আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আল্লামা আহমদ শফীর ইন্তেকালে আরও শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেছেন, আল্লামা আহমদ শফী দেশের শীর্ষ আলেম ছিলেন। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল। তিনি ইলমে হাদীস ও দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে জীবনের শেষ পর্যন্ত হাদীসের মসনদে বসে ইলমপীপাসু তালেবে ইলমদের মাঝে হাদিসে নববীর দরস দিয়েছেন। তিনি দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামেও নিবেদিতপ্রাণ ছিলেন। মরহুমের ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ আলেমেদ্বীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।
প্রসঙ্গত, আল্লামা আহমদ শফী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।


