পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে গত শুক্রবার (১৮ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, ২৫ মহররম ১৪৪৭ হিজরি) জুমার খুতবা প্রদান করেন খ্যাতিমান ইসলামিক চিন্তাবিদ ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। খুতবায় তিনি আল্লাহর জিকিরের গুরুত্ব ও মুমিনের জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
ড. মাহের আল-মুয়াইকিলি বলেন, “আল্লাহ তাআলা মানুষকে দুর্বল স্বভাবে সৃষ্টি করেছেন। দেহে, মনোবলে ও ইচ্ছাশক্তিতে সে দুর্বল। সামান্য বিপদে সে ভেঙে পড়ে, সামান্য প্রাপ্তিতে কৃপণতা করে। জীবনের দুঃখ, দুশ্চিন্তা ও বিপর্যয় প্রায়ই মানুষকে ভারসাম্যহীন করে তোলে।” এই দুর্বলতা থেকে উত্তরণের অন্যতম মাধ্যম হিসেবে তিনি আল্লাহর জিকিরকে উল্লেখ করেন।
তিনি বলেন, “জিকির এমন একটি সহজ কিন্তু ফজিলতপূর্ণ ইবাদত, যা মুমিনকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় এবং অন্তরে প্রশান্তি এনে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন— ‘জেনে রাখো! আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।’ (সুরা রা‘দ, আয়াত ২৮)”
শায়খ মাহের উল্লেখ করেন, জিকিরগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জিকির হলো:
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
(উচ্চারণ: লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ)
অর্থ: “আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।”
তিনি বলেন, এই জিকিরকে রাসুলুল্লাহ (সা.) জান্নাতের ধনভাণ্ডার হিসেবে অভিহিত করেছেন। হাদিসে বর্ণিত আছে, নবিজি (সা.) সাহাবি আবু মুসা আশআরি (রা.)-কে বলেছিলেন, “আমি কি তোমাকে জান্নাতের একটি ধনভাণ্ডারের কথা বলব? বলো, ‘লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।’” (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
খুতবায় আরও বলা হয়, মানুষ শুধু দুনিয়াবি বিপদে নয়, বরং আল্লাহর আনুগত্য করতেও তার সাহায্যের মুখাপেক্ষী। এই জিকিরটি মুমিনের সেই আত্মসমর্পণ ও নির্ভরতার বহিঃপ্রকাশ।
শায়খ মাহের বলেন, “তুমি নিজের শক্তির বড়াই কোরো না, নিজের ওপর ভরসা কোরো না। বরং জেনে রাখো, তোমার শক্তি, ধৈর্য, সাহস—সবই আল্লাহর পক্ষ থেকে। তাঁর সাহায্য ছাড়া কেউ সৎপথে থাকতে পারে না, গোনাহ থেকে বাঁচতে পারে না এবং জান্নাতে প্রবেশও করতে পারে না।”
তিনি আরও বলেন, নবিজি (সা.) এই জিকিরের ফজিলত বর্ণনা করে বলেছেন, এটি গোনাহ মাফ করে, জাহান্নাম থেকে রক্ষা করে এবং ফেরেশতারা এর প্রতিদান লিখে যেতে থাকেন যতক্ষণ না বান্দার মৃত্যু হয়।
খতিবার মূল বার্তা ছিল— প্রতিটি মুমিন যেন জিকিরকে জীবনের অংশ করে তোলে, এই জিকিরের অর্থ হৃদয়ে ধারণ করে এবং সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখে।


