আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাথেয় রিপোর্ট : টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইটখোলা এলাকা ট্রাকচাপায় পথচারীসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। ৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মৌসুমী আক্তার (২২) নামে এক পথচারীর নাম জানা গেছে। নিহত অপরজন রিকশাচালক বলে জানা গেলেও তার নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন, ফরহাদ আলী (২৫), জাহের আলী (৬০) ও চান্দু বিবি (৬৫)। তাদের প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্ব্য কেন্দ্রে নেয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, সকালে বেপরোয়াগতির বালু বোঝাই একটি ট্রাক টঙ্গী-আশুলিয়া-ডিইপজেড মহাসড়ক দিয়ে আশুলিয়া থেকে বাইপাইলের উদ্দেশে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ইটখোলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ও পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় রিকশাচালক মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় পথচারী চারজনকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রেরণ করা হয়।

নারী ও স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এসকে আবু জাফুর জানান, সকালে স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীসহ চারজনকে হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে মৌসুমি নামে এক নারীকে মৃত অবস্থায় পান তিনি। বাকী তিনজনের শরীরের বিভিন্ন স্থানে অঙ্গহানীর কারণে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *