পাথেয় রিপোর্ট : এখনই রমজানের প্রস্তুতি গ্রহণের অপূর্ব সময় উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদেরকে নবীজী শিখিয়েছেন, রজব ও শাবানে আমরা যেন পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়াশাবানা অবাল্লিগ না রমজানা। মহান আল্লাহ যেন আমাদেরকে পবিত্র রজমান পাইয়ে দেন।
রমজানের প্রস্তুতিকে ছোট করে দেখার কিছু নেই জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, কাজ যত বড় হয় তার প্রস্তুতিও তত বড় হয়। দ্বীনী পথে কেউ যদি সামান্য মেহনতও করে আল্লাহ তাআলা তাকে ব্যর্থ করেন না।
আজকাল বরকত বলতে আমরা এর ভুল ব্যাখ্যার মধ্যে আছি জানিয়ে বলেন, আমাদের সামনে শবে বরাত আসছে এক বকরতের মহাসমারোহ নিয়ে। কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু?
তিনি বলেন, বরকত হলো একটা অবস্থার নাম। যে অবস্থায় বান্দা আল্লাহকে পায়। তাকে দর্শন করে। কিন্তু আজকে আমরা বরকত বলতে মনে করতে শুরু করেছি, এক টাকার বিপরীতে দুই টাকা হলেই বরকত। শবে বরাতে যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে বরকতে স্নাত করবেন।
শুক্রবার রাজধানীর খিলগাঁও ঝিলমসজিদে জুমুআর পূর্ব আলোচনায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
সূত্র সংগ্রহ : আদিল মাহমুদ সম্পাদনা : মাসউদুল কাদির

