মাওলানা আমিনুল ইসলাম : কোন গুজব ছড়ানো নয়, কোন গজব নয়, মুমিন বান্দা-বান্দীদের আল্লাহ তায়ালা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। এমতবস্থায় ধৈর্যধারণ করতে হবে। বিচলিত হওয়া যাবে না। ঘাবড়ানো যাবে না।
ভয় পাওয়ার কিছু নেই। ভয়ে অস্থির হওয়া এটা কোন মুমিনের সিফাত নয়। ভীতি ছড়ানো এটাও কোন মুমিনের সিফাত নয়। ভীতি ছড়িয়ে মানুষকে অস্থির করে রাখা, এটা কোন আদর্শবানদের কাজ নয়। ডেঙ্গু জ্বর এটা নতুন কোন রোগ নয়। এর আগেও বিভিন্ন সময় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। আল্লাহর ফজলে সে সব বালা মুসিবত সে সময় দূ্র হয়ে গিয়েছিল। বর্তমানে যে বিভিন্ন জায়গায় ডেঙ্গু হচ্ছে, এটাও আল্লাহ তায়ালার ফজলে চলে যাবে ইনশাআল্লাহ।
আমাদের উচিত হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এসব রোগীদের সেবায় এগিয়ে আসা। কাউকে অসহযোগিতার কথা নয় বা ভীতি ছড়ানো যাবে না বা তিলকে তাল বানিয়ে প্রচার করা ঠিক হবে না।
অনেক নামী দামী বুদ্ধিমান লোকদের মুখে অশোভনীয় কথা শোনা যাচ্ছে। আমরা কাউকে একচেটিয়াভাবে দায়ী করে যাচ্ছি। এটা কতটুকু যৌক্তিক?
আমার মনে হয়, এ অবস্থায় আমরা কাউকে দায়ী না করে, কোন প্রকার কাদা ছোড়াছুড়ি না করে, সবাই মিলে রোগীর খেদমতে লেগে যাই। সমাজটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব।
ডেঙ্গু রোগীর সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কোন দল দেখব না, কোন ধর্ম বর্ণ দেখব না। আমরা দেখব শুধু রোগী। সে যে হোক, আমরা রোগীর সেবা করে যাব। পরিশেষে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, অসুস্থ লোকদের তিনি শেফা দান করেন। আমিন।
লেখক : শিক্ষক ও সমাজ বিশ্লেষক


