আ.লীগে মাশরাফি, মনোনয়ন ফরম নিলেন রোববার

আ.লীগে মাশরাফি, মনোনয়ন ফরম নিলেন রোববার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের বাইরেও তুমুল জনপ্রিয় এ মানুষটি অবশেষে নাম লেখালেন রাজনীতিতে। লড়বেন আওয়ামী লীগের পক্ষে।

১১ নভেম্বর রোববার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি। এসময় হাস্যোজ্বল চেহারায় ফরম নেওয়ার পর বিজয় সূচক ‘ভি’ চিহ্ন দেখান মাশরাফি। মাশরাফির বাড়ি নড়াইল শহরে। নড়াইল-২ আসন থেকে মাশরাফির আওয়ামী লীগের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে।

মনোনয়ন ফরম কেনার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান মাশরাফি। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নেন।

মাশরাফির মনোনয়ন ফরম সংগ্রহের কথা জানা গেলে, আগে থেকেই তাঁর সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে তারা মাশরাফিকে অভিবাদন জানায়। উচ্ছাস প্রকাশ করে মিছিলও করে তারা।

নড়াইলে বর্তমান সাংসদ ওয়ার্কার্স পার্টির। এর বাইরে আওয়ামী লীগেরই আছেন আট নেতা। তবে সব ছাপিয়ে ভেসে উঠেছে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগেই জানিয়েছিলেন, নড়াইল-২ আসনের জন্য আজ মাশরাফির পক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।

খেলোয়াড়ি জীবনের সাফল্য, নেতৃত্ব গুণ ও ব্যক্তিমানুষ হিসেবে বিপুল জনপ্রিয়তা বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের নামটি তুলে দিয়েছে রাজনীতির মঞ্চে। তাঁর প্রার্থী হওয়ার আলোচনাটা মূলত শুরু পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্য থেকে। গত ২৯ মে তিনি সাংবাদিকদের বলেন, মাশরাফির নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।

মাশরাফির বাড়ি নড়াইল শহরে। তিনি দর্শনশাস্ত্রে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। ২০০১ সালের ৮ নভেম্বর টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তাঁর। গত ১৭ বছরে অমিত প্রতিভা, বুদ্ধি, অদম্য সাহস আর সাফল্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উজ্জ্বল নক্ষত্র হিসেবে। দেশের সবচেয়ে সফল এই অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। দুবার খেলেছে এশিয়া কাপের ফাইনাল। শুধু সফল অধিনায়কই নন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও (২৫০) তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *