ইউক্রেনের প্রেসিডেন্টের পর এবার ভারতে কৌতুকাভিনেতা মুখ্যমন্ত্রী নির্বাচিত

ইউক্রেনের প্রেসিডেন্টের পর এবার ভারতে কৌতুকাভিনেতা মুখ্যমন্ত্রী নির্বাচিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের পাঞ্জাব প্রদেশে বড় ব্যবধানে জয়লাভের পর উচ্ছ্বাসে ভাসছেন ‘আম আদমি’ নেতা ভগবন্ত মান। দলটির নেতা-কর্মীরা আনন্দে আত্মহারা। আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সাবেক এই কৌতুক অভিনেতা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী, ‘আম আদমি পার্টি’র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আমন্ত্রণ জানিয়েছেন ভগবন্ত মান। কৌতুক অভিনেতা আরও জানিয়েছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ভগৎ সিংয়ের গ্রামে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

রাজনীতিতে পা রাখার পর মাত্র ১১ বছরেই ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন ভগবন্ত মান। পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দুবারের সাংসদ নির্বাচিত হলেও রাজনীতির থেকে হাস্যকৌতুকের দুনিয়ায় বেশি জনপ্রিয় ছিলেন ভগবন্ত। ১৯৭৩ সালে ১৭ অক্টোবর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি। ১৮ বছর বয়সে হাস্যকৌতুকের ওপর একটি অডিও ক্যাসেট বের করে প্রথম লাইমলাইটে আসেন। সে সময় তিনি শহীদ উধম সিং কলেজে বিকমের ছাত্র ছিলেন। সামাজিক-রাজনৈতিক ব্যঙ্গাত্মক কৌতুকে ভর করে দ্রুত উপরে উঠে যান। টিভিতে ‘জুগনু মস্ত মস্ত’ নামের একটি কমেডি শো করতে শুরু করেন। এতে জনপ্রিয়তা পান তিনি।

বুধবার শপথ গ্রহণের পর ১৭ মার্চ রাজ্য শোভাযাত্রা করবে আম আদমি পার্টি। রাজ্যবাসীকে ধন্যবাদ জানানোর জন্য আয়োজিত এ শোভাযাত্রায় কেজরিওয়ালও থাকবেন।

এবারের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আম আদমি পার্টি। ১১৭ আসনের মধ্য ৯২টি পেয়েছে আপ। বিদায়ী শাসকদল কংগ্রেস মাত্র ১৮টি আসনে জয় পেয়েছে। শিরোমণি অকালি দল মাত্র তিনটা আসনে জিতেছে। নির্বাচনে কংগ্রেসের ধরাশায়ীর সঙ্গে দুটি আসনে লড়ে দুটিতেই হেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। পরাজয়ের পরদিনই গতকাল শুক্রবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়েছেন চান্নি। তবে তিনি জানিয়েছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকেই কাজ চালিয়ে যেতে বলেছেন রাজ্যপাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *