পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা ১৯ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৯০ শিশু নিহত হয়েছে।
ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, দেশটিতে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ৯০ শিশু নিহত এবং শতাধিক শিশু আহত হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে কিয়েভ, খারকিভ, দনেৎস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মিকোলাভিভ এবং ঝিতোমির অঞ্চলে।
ইউক্রেন হামলার শুরু থেকেই রাশিয়া দাবি করে আসছে যে, তারা বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। তবে এখন পর্যন্ত বহু বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে।
এদিকে যুদ্ধ-সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল। শহরটি দখলে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে দুই হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সিটি কাউন্সিল।
অবরুদ্ধ মারিউপোলের সিটি কাউন্সিল বলছে, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মারিউপোলে দুই হাজার ১৮৭ জন বাসিন্দাকে হত্যা করেছে পুতিন বাহিনী। গত ২৪ ঘণ্টায় এ শহরে কমপক্ষে ২২টি বোমা হামলা চালানো হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা ও সরবরাহ বন্ধ রাখা হয়েছে।


