পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহবানে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু হয়েছে। আজ (১৫নভেম্বর শনিবার) বিকাল থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত চলবে আধ্যাত্মিক এই অনুষ্ঠান।
শনিবার বাদ আসর জামিআ ইকরার রঈস মাওলানা আরিফ উদ্দীন মারুফের উদ্বোধনী নসীহতের মধ্য দিয়ে ইজতেমার পর্দা ওঠে। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ইসলাহের মজলিস মানে আত্মাকে পরিচ্ছন্ন করা। এখানে আসা শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য—কারো ব্যক্তিগত খুশি অর্জনের জন্য নয়।” তাঁর কোমল অথচ দৃঢ় বক্তব্যে ইজতেমা মাঠে প্রশান্তি ছড়িয়ে পড়ে।
সকাল থেকেই ইকরার প্রাঙ্গণ এবং সংলগ্ন ঝিল মসজিদে ভিড় জমতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লির, তালিবে ইলম এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের। রাসূল ﷺ এর প্রতি ভালোবাসা, নফসের গলদ থেকে মুক্তির তাগিদ এবং আল্লাহর পথে নিজেদের নতুনভাবে গড়ে তোলার আকাঙ্ক্ষায় পুরো এলাকা রূপ নেয় নীরব কিন্তু গভীর রুহানী আবহে।
দিনব্যাপী এ ইসলাহী ইজতেমায় তাজকিয়া, সুন্নাহর অনুসরণ, চরিত্রগঠন, দ্বীনি আমল এবং ইসলামী আদর্শে জীবনের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিক নসীহত পেশ করা হবে। আয়োজকদের ভাষ্য—সমাজে নৈতিক অবক্ষয় রোধ, দ্বীনি দৃঢ়তা বৃদ্ধি এবং ব্যক্তিগত চরিত্র গঠনের লক্ষ্যে এই মাহফিল প্রতিবছরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অংশগ্রহণকারীদের অনেকেই জানান, ব্যস্ত নগরজীবনের ভিড়ে এই ধরনের অন্তরজাগানিয়া ইজতেমা অন্তরে নতুন প্রাণ সঞ্চার করে। বিশেষ করে তরুণ তালিবে ইলমদের সার্বিক উপস্থিতি পরিবেশে তৈরি করেছে এক বিশেষ উদ্দীপনা।
ইসলাহী ইজতেমার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামিআ ইকরা বাংলাদেশের শিক্ষক ও দায়িত্বশীলরা। তাদের মতে, রুহানিয়াতভরা এই মজলিস মানুষকে নৈতিক দৃঢ়তা, ইখলাস এবং সুন্নাহসম্মত জীবনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আয়োজনের মূল লক্ষ্য।
ইজতেমার সমাপনী দোয়া অনুষ্ঠিত হবে রবিবার সকাল ৮টায়।


