ইতালীতে বৈধতা পাওয়ার নতুন সুযোগ
পলাশ রহমান : বিরোধীদলের কড়া সমালোচনা এবং সরকারের ভেতর থেকে তীব্র আপত্তির মুখে ইতালির কোনতে সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করেছে।
বিভিন্ন সূত্রমতে ইতালিতে প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসী বসবাস করেন। এ বছরের গোড়ার দিকে তাদের বৈধ করে ট্যাক্স প্রদানের আওতায় আনার আলোচনা শুরু হয়। কিন্তু করোনা সংকটে সব থেমে গেলেও নতুন করে বিষয়টি আলোচনায় উঠে আসে দেশে কৃষিশ্রমিকের অভাব দেখা দিলে।
উল্লেখ্য, প্রতিবছর ইতালিতে কৃষিকাজসহ অন্যান্য মৌসুমী কাজের জন্য কয়েক লাখ শ্রমিক আমদানি করা হয়, যারা নয় মাস কাজ করে নিজ দেশে ফিরে যান। এ বছর করোনা সংকটে এসব শ্রমিক আমদানি করা সম্ভব হয়নি।
অবৈধদের বৈধতা দেয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে মতনৈক্য তৈরী হয়। একাংশ এই মুহুর্তে বৈধতার বিপক্ষে মত দেন। আরেক পক্ষ বলেন, সবাইকে বৈধ করা যাবে না। এ সব নিয়ে গত মাস থেকে বেশ কচলাকচলি হতে দেখা যায়। এর মধ্যে কড়া বার্তা দেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন ধরে রাখতে হলে শ্রমিক ঘাটতি পুরণ করতে হবে। আর এই মুহুর্তে শ্রমিক অভাব মেটাতে হলে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার কোনো বিকল্প নেই। এক পর্যায়ে তিনি পদত্যাগেরও হুমকি দেন।
এর মধ্যে অভিবাসীবান্ধব সংগঠনগুলো সবাইকে সহজ শর্তে বৈধতা দেয়ার দাবি তোলে।
বহু আলোচনার পর অবশেষে গতকাল সরকার সিদ্ধান্ত নেয় কৃষিকাজ, ঘরের কাজ এবং বয়স্কদের দেখাশুনার কাজের শর্তে আগামী মাস থেকে বৈধতার জন্য আবেদন গ্রহণ শুরু হবে।
আগেও বলেছি, এখনো বলছি, পাসপোর্টের অভাবে যেনো কোনো বাংলাদেশি অভিবাসী এই সুযোগের বাইরে থেকে না যায়। আমাদের দূতাবাসের আন্তরিক ভূমিকা থাকা দরকার।
এই বৈধকরণে নতুন করে ইতালিতে প্রবেশের কোনো সুযোগ নেই। কেউ দালালের খপ্পরে পড়বেন না।
লেখক : ইতালী প্রবাসী


