পাথেয় রিপোর্ট : প্রেসিডেন্সিয়াল আমন্ত্রণে ২৯ এপ্রিল রোববার ইন্দোনেশিয়া যাচ্ছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। পয়লা মে ২০১৮ রে ইন্দোনেশিয়ার জাকার্তায় ইসলামে মধ্যপন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন তিনি। রোববার রাত এগারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি জাকার্তার উদ্দেশে রওনা দেবেন বলে নিশ্চিত করেছে আল্লামা মাসঊদের সফরসঙ্গী ও বাংলাদেশ জমিয়তুর উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে আগামী পয়লা মে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক স্কলারদের নিয়ে তিনদিনব্যাপী ইসলামে মধ্যপন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সেমিনারে অংশগ্রহণ করবেন।
দক্ষিণ জাকার্তার বোগো সিটিতে প্রেসিডেন্ট প্যালেসে পয়লা মে মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হবে এই সেমিনার। উক্ত সেমিনারে ইন্ডিয়া থেকে সাইয়্যেদ মাহমুদ মাদানী, পাকিস্তান থেকে মুফতি তকি উসমানী, সৌদিআরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বীন আব্দুল্লাহ আলে শায়েখসহ বিশ্বের নেতৃস্থানীয় ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সেমিনারে বাংলাদেশ থেকে আল্লামা মাসঊদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানা গেছে।
এ ছাড়াও স্বনামধন্য ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরগণও এতে উপস্থিত থাকার কথা রয়েছে।
গ্রন্থনা : নাঈম ইসলাম সম্পাদনা : মাসউদুল কাদির


