আন্তর্জাতিক প্রতিবেদক :: ১০ মে তারিখের ঘটনা। ইন্দোনেশিয়ার হুলুং সমুদ্রসৈকতের তীরে হঠাৎ করেই ভেসে এল বিশাল আকারের রহস্যময় এক প্রাণী। এটিকে দেখে চমকে ওঠে স্থানীয় লোকজন। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ বিরাট পাথরের মতো কিছু একটা পানির ওপর দিয়ে মাথা তোলে। যে জায়গায় প্রাণীটিকে দেখা গিয়েছিল, সেখানকার পানি টকটকে লাল ছিল।
স্থানীয় আসরুল তুয়ানাকোটা নামের এক বাসিন্দা জানান, এটি তাঁর নজরেই প্রথম আসে। তিনি ডেকে অন্যদের দেখান। তবে কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি মারা যায়।
বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন, প্রাণীটি বিশালাকার একটি স্কুইড। এটি লম্বায় ১৫ মিটার, ওজন আনুমানিক ৩৫ টন। কোনো কারণে স্কুইডটির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আর এ কারণে লাল হয়ে গিয়েছিল সমুদ্রের ওই অংশের পানি। বিষয়টি তদন্ত করতে গবেষক দল ঘটনাস্থলে গেছে।
এমন ঘটনা ভিডিও না করে কি থাকা যায়? স্থানীয় লোকজন ঘটনাটির ভিডিও করেছে। পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এতেই ভাইরাল হয়েছে ভিডিওটি।


