ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আজ শনিবার (১০ জুলাই) সকাল ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুলাওয়েসির মালাদো শহর থেকে ২৫৮ কিলোমিটার উত্তর–পূর্বে এবং ভূমি থেকে ৬৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্প–পরবর্তী কোনো সুনামি সতর্কসংকেত জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। চলতি বছরের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ।

এর আগে ২০১৮ সালে লম্বক দ্বীপে কয়েক সপ্তাহজুড়ে একাধিক ভূমিকম্প অনুভূত হয়। এর জের ধরে হলিডে দ্বীপ এবং নিকটবর্তী সামবাওয়া এলাকায় ৫৫০ জনের বেশি নিহত হয়। ওই বছরের শেষের দিকে সুলাওয়েসি দ্বীপের পালু ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। সে সময় ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষকে নিহত বা নিখোঁজ ঘোষণা করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *