পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মসজিদসহ ইবাদত এবং ধ্যানের সব জায়গা নিরাপদ স্বর্গ হওয়া উচিত মন্তব্য করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইবাদতের জায়গাগুলোতে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। এসব স্থানে ইবাদত করতে ইবাদতকারীদের নিরাপদ বোধ করা উচিত।
মসজিদসহ এবাদতের জায়গাগুলোর নিরাপত্তায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এসময় তিনি নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেন।
শুক্রবার (২২ মার্চ) নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টারে পরিদর্শনে যান জাতিসংঘের মহাসচিব। ক্রাইস্টচার্চে অস্ট্রেলীয় এক শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় অর্ধশত মুসল্লি নিহত হয়। এ ঘটনার এক সপ্তাহ পর অ্যান্তনিও গুতেরেস মুসলমানদের কাছে গিয়ে কথা এসব বলেন।
১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলা হয়। এতে ৫০ জন মারা যান। এসময় নিউজিল্যান্ডবাসী মুসলমানদের পাশে এসে দাঁড়ায়। এসময় দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ভালোবাসা ও মানবতার ভূমিকা রাখেন। ফলে তার প্রশংসা এখন বিশ্বজুড়ে।


