ইভ্যালির দায় নিতে রাজি নয় যমুনা গ্রুপ

ইভ্যালির দায় নিতে রাজি নয় যমুনা গ্রুপ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইভ্যালিতে দেশের শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের ২০০ কোটি টাকা বিনিয়োগের যে খবর এসেছিল তা আদৌ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন যমুনা গ্রুপের একজন কর্মকর্তা।

শুক্রবার (২৭ আগস্ট) যমুনা গ্রুপের পরিচালক (কমার্শিয়াল) শামসুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ইভ্যালির সঙ্গে তাদের আলোচনা হয়েছে।

আর্থিক বিবরণী বুঝতে এখনো অডিট চলছে। সেসব কাজ শেষ হওয়ার আগে হ্যাঁ বা না কিছু বলার সময় এখনো আসেনি। আর ইভ্যালির আগের ব্যবসার দায় নিতেও তারা রাজি নন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে ইভ্যালির পক্ষ থেকে জমা দেওয়া দায়-দেনার হিসাবে দেখা যায়, দুই লাখ ১৪ হাজার গ্রাহক ইভ্যালির কাছে পণ্য কেনার জন্য বুকিং দিয়েছেন। গত ১৫ জুলাই পর্যন্ত বুকিং বাবদ গ্রাহকরা ইভ্যালির কাছে ৩১০ কোটি টাকা পাবেন।

গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে যথা সময়ে পণ্য সরবরাহ না করা কিংবা অর্থ ফেরত না দেওয়া ও পণ্য সরবরাহকারী মার্চেন্টদের বকেয়া পরিশোধ না করায় বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সাম্প্রতিক সময়ে।

প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগে সম্মত হওয়ার কথাও অস্বীকার করেন শামসুল হাসান।

‘এখন পর্যন্ত ওখানে কোনো বিনিয়োগ যায়নি। নগদ কোনো টাকা-পয়সা ইভ্যালিকে দেওয়া হয়নি। কীভাবে ২০০ কোটি টাকার প্রসঙ্গ এলো বুঝলাম না। তাদের সঙ্গে আমাদের পণ্যভিত্তিক ব্যবসার লেনদেন রয়েছে। ’

‘২০০ কোটি শব্দটি আমরা উচ্চারণ করিনি। যমুনা গ্রুপ থেকে এ জাতীয় কোনো শব্দ উচ্চারণ করা হয়নি। যখন সবকিছু ঠিক থাকবে, ইনভেস্টমেন্ট তখনই হবে। ’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *