পাথেয় টোয়েন্টিপোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বহুদলীয় বৈঠকের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনার জন্যই এই বৈঠকের ডাক দিয়েছেন তিনি। ২৬ নভেম্বর মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সরকার বিরোধী এই বৈঠকে পাকিস্তানের নয়টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বে দেশটির রাজধানী ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাওলানা ফজলুর রহমান।
মাওলানা ফজলুর রহমান পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএলএম-এন প্রধান আহসান ইকবাল এবং পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাইকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন এই আলোচনা সভায়। এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টি,জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান ও জমিয়ত আহলে হাদিসসহ আরও তিনটি দলকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম সূত্রে জানা গেছে, মাওলানা ফজলুর রহমান সভায় উপস্থিত সবার নিকট সরকার বিরোধী ‘আজাদী মার্চ’ এর ‘প্ল্যান-এ’ ও ‘প্ল্যান-বি’ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করবেন। এছাড়াও বৈঠকে ইমরান খান সরকারের গদি উল্টানোর জন্য গোপন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ধর্মীয় কট্টরপন্থী দলটি।
সূত্র জানায়, ‘মাওলানা সরকারের শেকড় গোড়া থেকে তুলে ফেলার জন্য সমর্থকদের সামনে কর্মপন্থা পেশ করবেন।’
সূত্র : ডন


