পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান পদে ইমরান খানের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শের আফজাল মারওয়াতের দাবি, আন্তর্দলীয় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ইমরান। তবে এই দাবি অস্বীকার করেছে পিটিআই।
সংশ্লিষ্ট সূত্র বলছে, তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আগামী পাঁচ বছরের জন্য ইমরান খানকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
তাই আন্তর্দলীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। পিটিআইয়ের মুখপাত্র শোয়েব শাহীন বলেন, কারাবন্দি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দলীয় প্রতিনিধিদের সাক্ষাতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে পিটিআইয়ের একটি সূত্র জানিয়েছে, দলের অন্য কাউকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে দলের কোর কমিটিকে কারাগার থেকে বার্তা দিয়েছেন ইমরান খান।
সূত্রটি আরো জানিয়েছে, পিটিআইয়ের নতুন চেয়ারম্যানের নাম নির্ধারণসহ সাংগঠনিক সব বিষয় অনুমোদন দেবেন ইমরান খান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে পিটিআই বলেছে, আন্তর্দলীয় নির্বাচন আয়োজন সংক্রান্ত সব বিষয়ে আলোচনা চলছে।
ধারণা করা হচ্ছে, নতুন চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন পিটিআইয়ের নেতারা। পিটিআই প্রধানের ফোকাল পারসন ব্যারিস্টার উমাইর নিয়াজ বলেন, তোশাখানা দুর্নীতি মামলায় রায়ের ওপর নির্ভর করছে নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি।
মামলাটি ইসলামাবাদ হাইকোর্টে বিচারাধীন। তিনি আরো বলেন, ইমরান খানের পক্ষে রায় এলে তিনিই পিটিআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পিটিআইয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান মারওয়াত আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন, নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা করতে তিনি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আইনি বাধার কারণে ইমরান খান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
সূত্র : জিও নিউজ


