পাথেয় রিপোর্ট : মাওলানা ওমর ফারুক নামে এক ইমামকে মসজিদ থেকে চাকরিচ্যুত করায় মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের আগে খুতবার আলোচনায় একলাশপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক পহেলা বৈশাখ পালন ও মঙ্গল শোভাযাত্রা করা হারাম বলে জানান। পরে বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি শিল্পপতি জামাল উদ্দিন ও কয়েকজন প্রতিবাদ করেন। পরবর্তীতে ১৯ সদস্য বিশিষ্ট মসজিদ কমিটির ৬ জন সদস্য জরুরি বৈঠক করে ইমাম ওমর ফারুককে চাকরিচ্যুত করা হয়।
আজ জুমার নামাজে আসা মুসল্লিরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে। এসময় মসজিদ প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মুসল্লিদের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত হন।
মসজিদ কমিটির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, পহেলা বৈশাখ নিয়ে বিতর্কিত আলোচনা করায় সভাপতি জামাল উদ্দিন কমিটির কয়েকজনকে নিয়ে বৈঠক করে ইমাম ফারুককে বিদায় করে দেন। এই নিয়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিলে এ ঘটনা ঘটে। তিনি বলেন, বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কাউছার ঘটনাস্থল পরিদর্শন করে আগামী ৭দিনের মধ্যে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করার নির্দেশ দেন।
বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ জানান, ঘটনাস্থলে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।


